উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদেহবাহী অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত ৫

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদেহবাহী অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত ৫

উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সুবেহা থানার অন্তর্গত ঘেরাওয়ান গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রাজস্থানের জয়পুর থেকে একটি মৃতদেহ নিয়ে অ্যাম্বুল্যান্সটি পশ্চিমবঙ্গের দিকে আসছিল। এক্সপ্রেসওয়ের ৫৩.৩ কিলোমিটার পয়েন্টে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে কোচবিহারের বাসিন্দা আমিনুর হক ও রুপিক, জয়পুরের মকবুল খান, আলওয়ারের হরি ওম যোগী এবং অ্যাম্বুল্যান্স চালক আলম রয়েছেন। পিকআপ ভ্যানে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটিকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *