“এক দেশ, এক আইন!” UCC ও ধর্মান্তরবিরোধী আইনের বড় বার্তা শুভেন্দু অধিকারীর – এবেলা

এবেলা ডেস্কঃ
বাঁকুড়া: জঙ্গলমহল ও রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে বৈদেশিক টাকার জোরে হওয়া জোরপূর্বক ধর্মান্তরকরণ রুখতে চরম কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় ৭টি জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের গত তিন মাসের কাজের হিসাব দেওয়ার পাশাপাশি একাধিক বড় নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বাঁকুড়ার এই বৈঠক থেকে জঙ্গলমহলের পিছিয়ে পড়া ও আদিবাসী মানুষজনের সরলতার সুযোগ নিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বৈদেশিক আর্থিক সাহায্যে জঙ্গলমহলে কীভাবে এই ধর্মান্তর চক্র চালানো হচ্ছে, তার সব খবর প্রশাসনের কাছে রয়েছে। খুব শীঘ্রই এর বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা নেবে।
গত তিন মাসের বড় পদক্ষেপসমূহ
সাংবাদিক সম্মেলনে নিজের সরকারের বিগত তিন মাসের সাহসী সিদ্ধান্তগুলির কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে সরকারের তরফে:
- সীমান্তে জমি হস্তান্তর নীতি সংশোধন করা হয়েছে।
- ওবিসি (OBC) তালিকা সংশোধন করা হয়েছে।
- ইমাম ও মোয়াজ্জেম ভাতা বাতিল করা হয়েছে।
- গো-সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে।
- মহরমের মিছিলে তলোয়ার বা অন্য যেকোনো অস্ত্র প্রদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইউসিসি (UCC) ও ভবিষ্যতের পরিকল্পনা
দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “কিছুদিনের মধ্যেই UCC আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী, এক আইন।”
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দুটি বড় কাজ এখনও বাকি রয়েছে— ধর্মান্তরকরণ রোধে কঠোর আইন তৈরি করা এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন আইন আনা। খুব শীঘ্রই তিনি এই দুই আইনি পদক্ষেপ সম্পন্ন করবেন। এর পাশাপাশি জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে আগামী তিন মাসের একটি নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
