এটিএম বা ইউপিআই ছাড়াই সাফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল হারাতেই সর্বস্বান্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক – এবেলা

এটিএম বা ইউপিআই ছাড়াই সাফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল হারাতেই সর্বস্বান্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার শান্তিপুরের বাসিন্দা তথা প্রবীণ ভেষজ চাষী শৈলেন চণ্ডী ডিজিটাল জালিয়াতির এক অদ্ভুত শিকার হয়েছেন। চলতি বছরের ২৯ মার্চ নিজের মোবাইলটি হারানোর পর, তিনি দ্রুত থানায় ডায়েরি করেন ও নতুন সিম তোলেন। তবে নতুন সিম সক্রিয় হতেই তিনি জানতে পারেন, ৩১ মার্চ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে দুই দফায় ১০ হাজার টাকা উধাও হয়েছে। এর পরদিন অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১২টি ট্রানজেকশনে আরও ৭১ হাজার টাকা কেটে নেওয়া হয়। দীর্ঘ সাড়ে তিন মাস ধরে থানা ও সাইবার ক্রাইম বিভাগের চত্বরে ঘুরেও তাঁর খোয়া যাওয়া ৮৩,২৪৪ টাকা উদ্ধার হয়নি।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, শৈলেনবাবুর কোনও এটিএম কার্ড বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু ছিল না। ইউপিআই কিংবা এটিএম ছাড়াই কীভাবে অ্যাকাউন্ট থেকে দফায় দফায় এই বিপুল পরিমাণ টাকা জালিয়াতি করা হলো, তা নিয়ে খোদ ব্যাঙ্ক কর্তৃপক্ষও চরম ধোঁয়াশার মধ্যে পড়েছে। ২০১৯ সালে পরিবেশবান্ধব কৃষিকাজের জন্য কেন্দ্রীয় মন্ত্রক থেকে ‘জাতীয় পুরস্কার’ পাওয়া এই প্রবীণ কৃষক তাঁর জীবনের শেষ সম্বল হারিয়ে এখন সম্পূর্ণ দিশেহারা। এই রহস্যজনক সাইবার প্রতারণার ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *