এশিয়া কাপ রাইজিং স্টারস: নেপালকে ২৬ রানে গুটিয়ে ৩০৬ রানের বিশাল জয় ভারত এ দলের

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে নেপালের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত এ দল। প্রথমে ব্যাট করে তিলক ভর্মা ও কুমার কুশাগ্রার জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত বিশাল সংগ্রহ গড়ে তোলে। তিলক ১১৩ বলে ১০৭ রান এবং কুশাগ্রা ১০২ বলে ১১৭ রান করেন। এছাড়া সূর্যাংশ শাদজে ১৪ বলে অপরাজিত ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। শুরুতে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে দল চাপে পড়লেও চতুর্থ উইকেটে তিলক ও কুশাগ্রা ২০৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে মজবুত অবস্থানে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নেপালের ব্যাটাররা। মাত্র ৬৯ বলে ২৬ রানেই অল আউট হয়ে যায় নেপাল। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৬ রান করে করেন পবন সারাফ ও রশিদ খান। পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। এই জয়ের ফলে ভারত এ দল ৩০৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।
ভারতীয় বোলারদের মধ্যে প্রিন্স যাদব ৬ রান দিয়ে ৫টি এবং হর্ষিত রানা ১৬ রান খরচ করে ৪টি উইকেট নেন। শাহবাজ আহমেদ কোনো রান না দিয়ে ১টি উইকেট শিকার করেন। টুর্নামেন্টের গ্রুপ বি-তে থাকা ভারত এ দল তাদের পরবর্তী ম্যাচ রবিবার পাকিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। আটটি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনাল ২৬ ও ২৭ নভেম্বর এবং ফাইনাল ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
