রিয়্যালিটি শোয়ের সেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু টেকনিশিয়ানের

কলকাতার একটি রিয়্যালিটি শোয়ের সেটে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক টেকনিশিয়ানের। মৃত ওই কর্মীর নাম চন্দ্রকান্ত। ওড়িশার বাসিন্দা চন্দ্রকান্ত কাজের সূত্রে কলকাতায় এসে স্টুডিওতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি সেটে ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ফ্লেক্স লাগানোর জন্য সিঁড়ি বেয়ে প্রায় ২০ ফুট উঁচুতে উঠেছিলেন ওই টেকনিশিয়ান। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি এবং ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর স্টুডিওতে শুটিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত সমস্ত কাজ স্থগিত রাখা হয়েছে বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে। মৃত টেকনিশিয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রযোজনা সংস্থা। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা সেটে নিরাপত্তার কী ব্যবস্থা ছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
