এসএসসি দুর্নীতি: পার্থ-অর্পিতার বিরুদ্ধে ইডির চার্জশিট, প্রকাশ্যে গ্রুপ সি ও ডি-র ‘রেট চার্ট’! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। দীর্ঘ দিন কারাবাসের পর দু’জনেই বর্তমানে জামিনে মুক্ত থাকলেও, ইডির এই সাম্প্রতিক পদক্ষেপ তাঁদের আইনি লড়াইকে ফের জটিল করে তুলল।
সোমবার জমা দেওয়া চার্জশিটে তদন্তকারীরা দাবি করেছেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি বিক্রির একটি নির্দিষ্ট ‘রেট চার্ট’ ছিল। তদন্তের ভিত্তিতে ইডির দাবি:
- গ্রুপ সি পদ: চাকরি পিছু নেওয়া হয়েছে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা।
- গ্রুপ ডি পদ: প্রতি চাকরির জন্য রেট ধার্য ছিল ১০ থেকে ১২ লক্ষ টাকা।
- প্রক্রিয়া: মোটা টাকার বিনিময়ে ওএমআর (OMR) শিট জালিয়াতি করা হত এবং বেআইনিভাবে চাকরিপ্রার্থীদের র্যাঙ্ক লাফিয়ে বাড়ানো হত।
এই চার্জশিটে পার্থ ও অর্পিতা ছাড়া মিডলম্যান হিসেবে অভিযুক্ত কুন্তল ঘোষ ও প্রসন্ন রায়ের নামও উল্লেখ রয়েছে। সাড়ে তিন বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ইডির এই নতুন অভিযোগে অর্পিতা ও পার্থ—দুইজনেরই অস্বস্তি ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
