কর্মী-সমর্থকদের ভিড়ে থানায় অভিষেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে তলবে কী বললেন তিনি? – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্ধারিত দুপুর ১২টার কিছু পর, ১২টা ১৭ মিনিটে নিজের গাড়িতে তিনি থানায় পৌঁছন। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। অঝোর বৃষ্টি মাথায় নিয়ে তাঁরা স্লোগান তুলতে শুরু করেন, ‘তোমার নেতা আমার নেতা সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’। এছাড়া ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে সমর্থকরা স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না সাংসদকে জিজ্ঞাসাবাদ শেষ করে থানা থেকে বের করা হচ্ছে, ততক্ষণ তাঁরা বাইরেই অপেক্ষা করবেন।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট। সেদিন বিকেলে বেশ কয়েকজন পুরকর্মী ও পুলিশ আধিকারিক গ্যাসকাটার নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পৌঁছে বিলবোর্ডটি বেআইনি দাবি করে তা খোলার চেষ্টা করেন। খবর পেয়ে বেরিয়ে এসে অভিষেক বিলবোর্ড খোলার নির্দিষ্ট অর্ডার কপি দেখতে চাইলে তা দেখাতে পারেননি পুরকর্মীরা, যা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। এই ঘটনার পর সরকারি কাজে বাধাদানসহ একাধিক জামিন অযোগ্য ধারায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ। নোটিস পাঠিয়ে তাঁকে আজ থানায় তলব করা হয়। এই মামলায় এর আগে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর, রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও পুলিশ তলব করেছে।
