কলকাতায় কি বাড়ছে ওয়ার্ড? পুরভোটে বড় বদলের ইঙ্গিত দিয়ে ‘ডিলিমিটেশন’ চান মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

কলকাতায় কি বাড়ছে ওয়ার্ড? পুরভোটে বড় বদলের ইঙ্গিত দিয়ে ‘ডিলিমিটেশন’ চান মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কলকাতা পুরসভায় কি এবার ওয়ার্ডের খোলনলচে বদলাতে চলেছে? সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কলকাতা পুরসভায় পা রেখেই তেমন এক বড়সড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, কলকাতা পুর এলাকাতেও এবার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন’ হওয়া উচিত বলে তিনি মনে করছেন।

সোমবার কলকাতা পুরসভায় একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি যেহেতু ভবানীপুরে লড়েছি, সেখানে দেখেছি এক একটি ওয়ার্ডে ভোটার সংখ্যা এক এক রকম। কোথাও ৪৯টি বুথ রয়েছে, আবার কোথাও মাত্র ১৫-১৬টি বা ২০টি বুথ আছে। ৮২ নম্বর ওয়ার্ডটি তো বিরাট বড়!” নিজের কাউন্সিলর জীবনের অভিজ্ঞতা টেনে তিনি আরও যোগ করেন, “তাপস রায়, অগ্নিমিত্রা পল, স্বপন দাশগুপ্তদের মতো কলকাতার রাজনীতির অভিজ্ঞ নেতাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমি নিজেও ১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত কাউন্সিলর ছিলাম। আমাদের সকলেরই মনে হয়েছে এখানে ডিলিমিটেশন হওয়া দরকার।” অবশ্য এই প্রক্রিয়াটি রাজ্য সরকারের সুপারিশে রাজ্য নির্বাচন কমিশনই আইন মেনে করবে বলে তিনি জানান।

তৃণমূলের কাউন্সিলরদের উপস্থিতিতেই বড় ঘোষণা:

সোমবার পুরসভার ‘স্বচ্ছতা স্বাগত অভিযান’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের একঝাঁক হেভিওয়েট কাউন্সিলর ও নেতা। উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, কাজরী বন্দ্যোপাধ্যায় (মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ), অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, অসীম বসু প্রমুখ। এছাড়াও সাংসদ মালা রায় এবং বিধায়ক জাভেদ খানদেরও এদিন পুরসভায় দেখা যায়।

৬ মাসের মধ্যেই কলকাতায় পুরভোট:

কলকাতা পুরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন এক বড় সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট ঘোষণা করেন, “কলকাতা পুরসভায় এখন অচলাবস্থা চলছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে ভোট প্রক্রিয়া শেষ করে নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা তুলে দেবে।” অর্থাৎ, আগামী ৬ মাসের মধ্যেই যে কলকাতায় পুরভোট হতে চলেছে, তা মুখ্যমন্ত্রীর কথাতেই পরিষ্কার। ওয়ার্ড পুনর্বিন্যাসের এই ইঙ্গটের পর কলকাতার পুরভোটের রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *