কলকাতার রাস্তা থেকে মুছছে লেনিন-মার্কসের নাম? দুর্গাপুজোর পর বসছে রাজ্য কমিটির বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ
September 15, 20267:30 am
কলকাতা: তিলোত্তমার পরিচিত রাজপথ থেকে কি এবার মুছে যেতে চলেছে কার্ল মার্কস, লেনিন কিংবা হো চি মিনের নাম? সরিয়ে দেওয়া হতে পারে ধর্মতলার বিখ্যাত লেনিন মূর্তিও। কলকাতার একাধিক ঐতিহ্যবাহী রাস্তা ও জায়গার নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখছে রাজ্য সরকার গঠিত ১০ সদস্যের বিশেষ কমিটি।
কী কী নাম বদলের প্রস্তাব? কমিটির প্রবীণ সদস্য তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের দেওয়া প্রস্তাব অনুযায়ী:
- কার্ল মার্কস সরণি (খিদিরপুর): নাম বদলে বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত বা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
- লেনিন সরণি: পুরনো ‘ধর্মতলা স্ট্রিট’-এর বদলে বিশিষ্ট গণিতবিদ ও জনসংঘের প্রাক্তন সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে নামকরণের সুপারিশ করা হয়েছে।
- হো চি মিন সরণি: মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের নামে নাম রাখার কথা ভাবা হচ্ছে।
- অন্যান্য প্রস্তাব: বারাসাতের তিতুমির বাসস্ট্যান্ডের নাম বদলে কাজি আবদুল ওদুদ, বেগম রোকেয়া বা এস ওয়াজেদ আলির মতো ব্যক্তিত্বের নামে রাখা এবং টালিগঞ্জ-গড়িয়া মেট্রো রুটের কিছু স্টেশনের নাম স্থানীয় জায়গার নামে সহজ করার প্রস্তাবও রয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত দুর্গাপুজোর পর ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)-এর নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত ও পুর কমিশনার স্মিতা পাণ্ডেও। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দুর্গাপুজোর পর কমিটির প্রথম বৈঠকে এই প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর তৈরি করা সুপারিশ পাঠানো হবে কলকাতা পুরসভা ও রাজ্য বিধানসভায়।
