কলকাতা মেট্রোয় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ

গত বুধবার রাতে কলকাতা মেট্রোয় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন ওই তরুণী। এসপ্ল্যানেড স্টেশন থেকে এক ব্যক্তি কামরায় প্রবেশ করে তাঁর ঠিক পিছনে এসে দাঁড়ান। তরুণীর দাবি, কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন কেউ তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করছেন। প্রতিবাদ জানালে ওই ব্যক্তি নিজের প্যান্টের চেন খোলা অবস্থায় আপত্তিকর আচরণ করতে থাকেন।
পরিস্থিতি বেগতিক দেখে তরুণী চিৎকার শুরু করলে কামরায় থাকা অন্যান্য যাত্রীরাও প্রতিবাদে সরব হন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে আড়াল করার জন্য একটি প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করার চেষ্টা করেন। যাত্রীদের চাপে পড়ে রবীন্দ্র সদন স্টেশনে নেমে ওই ব্যক্তি পালিয়ে যান। তরুণীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং অন্য এক যাত্রী জানান, এমন ঘটনা ওই ব্যক্তি আগেও ঘটিয়ে থাকতে পারেন।
ঘটনার পরদিন বৃহস্পতিবার তরুণী শেকসপিয়ার সরণী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ চাঁদনি চক ও রবীন্দ্র সদন স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তরুণীর অভিযোগ, গন্তব্যে নেমে মেট্রো কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইলেও তিনি যথাযথ সহযোগিতা পাননি। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তরুণী।
