বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যে ভর্ৎসনা, ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বহাল অভিষেকের

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যে ভর্ৎসনা, ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বহাল অভিষেকের

বিচারব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে সংক্রান্ত একটি মামলায় তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ মঞ্জুর না হওয়ার পর, অভিষেক বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেছিলেন। শুক্রবার শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এই বিষয়টি আদালতের নজরে আনেন। তিনি প্রশ্ন তোলেন, একদিকে আইনি সুরক্ষা চেয়ে আবেদন করা হচ্ছে, অন্যদিকে বিচারব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করা হচ্ছে—এই পরিস্থিতিতে সুরক্ষা বজায় রাখা যায় কি না।

বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেকের আইনজীবীর কাছে জানতে চান, একজন সাংসদ হিসেবে এ ধরনের মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত এবং এর জন্য স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে কি না। জবাবে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বিচারব্যবস্থার বিরুদ্ধে করা ওই মন্তব্য সমর্থন করেন না। বিচারপতি মন্তব্য করেন যে, এই ধরনের বক্তব্য বেদনাদায়ক এবং তা এড়িয়ে চলাই শ্রেয় ছিল।

আদালত স্পষ্ট করে যে, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য এবং অন্তর্বর্তী সুরক্ষা দুটি আলাদা বিষয়। পরিস্থিতি অনুযায়ী আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হতে পারে, তবে তা সুরক্ষা না দেওয়ার কারণ হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত আদালত জানায়, তদন্তে অসহযোগিতার কোনো প্রমাণ মেলেনি এবং সুরক্ষার মেয়াদ খারিজ করার মতো পরিস্থিতির পরিবর্তন হয়নি। ফলে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেকের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে আদালত সোমবারের মধ্যে হলফনামা ও তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *