কসবায় চুরির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলান্টিয়ার

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে চুরির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। কসবা থানা এলাকার একটি অভিজাত আবাসনে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ ২ লক্ষ টাকা চুরির ঘটনার তদন্তে নেমে এই সাফল্য পায় গোয়েন্দা বিভাগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় চুরির পর অভিযুক্তরা একটি মোটরবাইকে করে পালিয়ে যাচ্ছে। বাইকটি চালাচ্ছিলেন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। এরপর বাইকের নম্বর প্লেট ও ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কাজের ফাঁকে তিনি বন্ধুদের সঙ্গে এলাকায় ঘুরে খালি বাড়ি চিহ্নিত করতেন এবং পরে সেখানে চুরির পরিকল্পনা করতেন।
পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে একটি পেশাদার চোর চক্র জড়িত থাকতে পারে। ধৃত মহিলা সিভিকের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে লালবাজার সূত্রে খবর।
