কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তাল উত্তরবঙ্গ

কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তাল উত্তরবঙ্গ

কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং পৃথক রাজ্যের দাবিতে ফের সরব হয়েছে উত্তরবঙ্গ। বুধবার জলপাইগুড়িতে কামতাপুরী ভাষা সাংস্কৃতিক মঞ্চের নেতৃত্বে ১৪টি সংগঠন একজোট হয়ে বিশাল মিছিল বের করে। রাজবাড়ি পাড়া থেকে শুরু হওয়া এই মিছিল জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নয়ের দশক থেকে চলে আসা এই দীর্ঘদিনের দাবি পূরণে এবার নতুন করে আশার আলো দেখছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মতে, কেন্দ্রে ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় এবার তাঁদের দাবি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কামতাপুরী স্টুডেন্ট অর্গানাইজেশনের দাবি, ২০০৩ সালে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি কমিটি গঠন করলেও তা আজও অমীমাংসিত। সম্প্রতি উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটবে তারা।

উল্লেখ্য, অতীতে কামতাপুরী আন্দোলনের ইতিহাস ছিল অত্যন্ত জটিল ও রক্তাক্ত। পৃথক রাজ্যের দাবিতে একসময় সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিয়েছিল কেএলও। সেই সময় উত্তরবঙ্গ জুড়ে একাধিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ২০০৩ সালে ভুটান ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ চালিয়ে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই রক্তাক্ত অধ্যায় পেরিয়ে বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের অধিকার আদায়ে মরিয়া কামতাপুরী সংগঠনগুলি। এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *