কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, মন্ত্রীদের কাজের মূল্যায়ন করলেন প্রধানমন্ত্রী

দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূলত মন্ত্রীদের কাজের অগ্রগতি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। গত সেপ্টেম্বরে আয়োজিত ‘চিন্তন শিবির’-এ মন্ত্রীদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকের পর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এই আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলে মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। মন্ত্রীদের পারফরম্যান্স যাচাইয়ের পর প্রত্যাশিত সাফল্য না পাওয়া মন্ত্রীদের দফতর পরিবর্তন বা মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী দিনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভায় আঞ্চলিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে পারে বিজেপি। বিভিন্ন রাজ্যের জাতিগত ও সামাজিক সমীকরণ মাথায় রেখে নতুন মুখদের মন্ত্রিসভায় জায়গা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রায় ৩০ জন মন্ত্রীর দফতর পরিবর্তন এবং ১০ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার জল্পনা শোনা যাচ্ছে, তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
