ধূমপান না করলেও ফুসফুসের ক্ষতি হতে পারে দৈনন্দিন এই ৫ অভ্যাসে

ধূমপান না করলেও দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসের কারণে ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রান্নাঘরের ধোঁয়া, রাস্তার ধুলোবালি, ঘর পরিষ্কারের রাসায়নিক, ধূপ-ধুনোর ধোঁয়া এবং বাড়ির স্যাঁতসেঁতে দেওয়াল ফুসফুসের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে। কাঠ বা কয়লা পুড়িয়ে রান্না করলে বাতাসে মিশে থাকা ক্ষতিকর গ্যাস ও ধূলিকণা শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে। একইভাবে নির্মাণকাজের ধুলো বা রাস্তার দূষণ শ্বাসযন্ত্রে অস্বস্তি বাড়ায়, যা অ্যাজমা রোগীদের জন্য বিশেষ উদ্বেগের কারণ।
ঘর পরিষ্কারের জন্য ব্যবহৃত ব্লিচ বা জীবাণুনাশকের বাষ্প শ্বাসনালিতে জ্বালাপোড়া তৈরি করতে পারে। বিশেষ করে ব্লিচের সঙ্গে অন্য রাসায়নিক মেশালে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া মশা তাড়ানোর কয়েল, ধূপ বা ধুনোর ধোঁয়া দীর্ঘক্ষণ বন্ধ ঘরে থাকলে কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। বাড়ির স্যাঁতসেঁতে দেওয়াল বা আসবাবপত্রে জন্মানো ছত্রাক এবং কার্পেটে জমে থাকা ধুলোর মাইট থেকেও অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো জটিলতা তৈরি হতে পারে।
ফুসফুস সুস্থ রাখতে বাড়ির অন্দরমহলে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি। রান্নাঘর ও বাথরুমের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা এবং ধূপ বা কয়েলের ব্যবহার কমানো প্রয়োজন। ঘর পরিষ্কারের রাসায়নিক ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত ধুলো পরিষ্কার করতে হবে। দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই ফুসফুসের ওপর দূষণের চাপ অনেকটাই কমানো সম্ভব।
