কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি! ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে জড়িয়ে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের নাম – এবেলা

কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি! ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে জড়িয়ে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের নাম – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর পাস দুর্নীতি বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিপাকে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ পরিচালিত ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০২২ ও ২০২৩ সালে রাজ্যের ২৩টি জেলায় লোকসংস্কৃতি ও হস্তশিল্প প্রসারের নামে আয়োজিত মেলা ও প্রদর্শনীর টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে রাজ্যের দুর্নীতি দমন কমিশন (ACB)। প্রাথমিক তদন্তে নেমে কমিশন জানতে পেরেছে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রভাব খাটিয়ে ওই সমস্ত লাভজনক টেন্ডার দেওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রীর নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের চালিত নির্দিষ্ট কিছু সংস্থাকে।

মেলা পরিচালনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শিল্পীদের স্টল সংক্রান্ত সমস্ত কাজই একচেটিয়াভাবে দেওয়া হয়েছিল ওই বিশেষ সংস্থাগুলিকে, যার নেপথ্যে ছিল তৎকালীন মন্ত্রীর প্রত্যক্ষ ইন্ধন। বর্তমানে প্রতিটি মেলার জন্য বরাদ্দ অর্থের পরিমাণ, প্রকৃত খরচ, সংস্থাগুলির লভ্যাংশ এবং স্টলের বিক্রির ওপর কমিশনের নেওয়া অংশের হিসাব নিবিড়ভাবে যাচাই করছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে খুব শীঘ্রই ইন্দ্রনীল সেন ও তাঁর ঘনিষ্ঠদের তলব করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। একের পর এক দুর্নীতি অভিযোগে বিদ্ধ প্রাক্তন এই মন্ত্রী তথা গায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *