ক্ষমতায় এলে সাংবাদিকদের মাসিক ৫০০০ টাকা ভাতা দেবে বিজেপি!

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘোষণা দেন। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বর্তমানে আর্থিক অনটনের মধ্য দিয়ে কাজ করা সকল সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও আসামের মতো রাজ্যগুলোতে সাংবাদিকদের জন্য মাসিক পেনশন বা বিশেষ কল্যাণমূলক ভাতার ব্যবস্থা রয়েছে। সেই আদলেই পশ্চিমবঙ্গে এই নতুন মডেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের মধ্যে যে ‘আমরা-ওরা’ বিভাজন পরিলক্ষিত হয়, তা দূর করে পেশাদারিত্বের ভিত্তিতে সাংবাদিকদের সার্বিক সামাজিক নিরাপত্তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
