গঙ্গারামপুরে ভয়াবহ কাণ্ড, স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে সাধনা স্বামীর – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার সাক্ষী রইল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশনের এক প্রাক্তন কর্মী নিজের স্ত্রীর গলার নলি কেটে মাথা আলাদা করে দেন এবং সেই কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর পর দুই ছেলেকে সঙ্গে নিয়ে এক মন্দিরে ধ্যানে বসেন। দীর্ঘক্ষণ ওই অবস্থায় মন্দিরে কাটার মুণ্ডু পাশে রেখে তিনি বসে থাকায় বেলা বাড়তেই স্থানীয়দের নজরে আসে এবং পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং মহিলার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চাকরি হারানোর পর থেকে তীব্র আর্থিক সংকট এবং মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। দীর্ঘ চেষ্টার পরেও চাকরি ফিরে না পাওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রতিবেশীদের দাবি। মঙ্গলবার গভীর রাতে এই নৃশংস ঘটনা ঘটানোর পর মাঝরাতে রক্তমাখা মাথা নিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং ভোরের দিকে মন্দিরে গিয়ে বসেন। পুলিশ অভিযুক্তকে আটক করার পাশাপাশি পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
