গাড়ির দূষণ সার্টিফিকেট বা PUC নিয়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্র

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির দূষণ বা পিইউসি (PUC) সার্টিফিকেটের নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএস-সিক্স (BS-VI) মানের ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ পুনর্নবীকরণের সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ৬ বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত বিএস-সিক্স গাড়ির পিইউসি সার্টিফিকেট তিন বছর অন্তর নবীকরণ করতে হবে। তবে ৬ থেকে ১০ বছর পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর এবং ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও নিয়ম বদলেছে। ৬ বছর পর্যন্ত পুরনো বিএস-সিক্স বাণিজ্যিক গাড়ির পিইউসি সার্টিফিকেটের মেয়াদ হবে দু’বছর। ৬ থেকে ১০ বছর পুরনো বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রতি বছর এবং ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর পিইউসি পরীক্ষা করাতে হবে। এছাড়া বিএস-ওয়ান, বিএস-টু ও বিএস-থ্রি মানের গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ থাকবে তিন মাস এবং বিএস-ফোর মানের গাড়ির ক্ষেত্রে এই মেয়াদ হবে ছয় মাস।
কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন, ১৯৮৮-এর অধীনে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। পুরনো নিয়মে ইস্যু করা পিইউসি সার্টিফিকেটের ক্ষেত্রেও নতুন মেয়াদ কার্যকর হবে, তবে তা প্রথমবার পুনর্নবীকরণের সময় থেকে প্রযোজ্য হবে। সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার ১০ দিন আগে আবেদন করলে নতুন সার্টিফিকেটের কার্যকারিতা পুরনোটির মেয়াদ শেষ হওয়ার দিন থেকেই শুরু হবে। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আবেদন করলে নতুন সার্টিফিকেট পুনর্নবীকরণের দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।
