গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব ও অগ্নিসংযোগ, বন্ধ ট্রেন চলাচল

বাংলাদেশের গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে চলা অস্থিরতা বৃহস্পতিবার চরম আকার ধারণ করেছে। রামদা, চিনা কুড়োল ও লাঠিসোঁটা হাতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে তাণ্ডব চালায়। এই পরিস্থিতির জেরে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন স্থানে মহড়া দেয় বিক্ষোভকারীরা এবং একটি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার দুপুর নাগাদ মুকসুদপুর থানায় ভয়াবহ হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুলিশের গাড়ি-সহ অন্তত ১০টি গাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনার সময় পুলিশ কর্মীরা থানা থেকে সরে যান। একই সময়ে শহরের লঞ্চঘাট ও কোর্ট এলাকায় বিশাল জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির প্রাক্তন সভাপতি এমএইচ খান মঞ্জু, সাংসদ সেলিমুজ্জামান মোল্লা এবং বিএনপি নেতা অলিউর রহমান হাওলাদার। তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এই অরাজক পরিস্থিতিতে গোটা জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে ব্যর্থতা ও ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
