গুন্ডাদমন আইন চালু হতেই হাইকোর্টে বড় ধাক্কা! স্থগিতাদেশ চেয়ে দায়ের মামলা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যে গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই তা নিয়ে আইনি সংঘাত শুরু হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সোমবার এই আইনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মামলাটি শোনার জন্য অনুমতি দিয়েছে।
আইন নিয়ে বিতর্ক: বিধানসভায় প্রস্তাবিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল’ নিয়ে শুরু থেকেই সরব ছিল বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই আইনকে ‘দমনমূলক ও অনৈতিক’ বলে কটাক্ষ করে জানান, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এটি আনা হয়েছে। সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও আগেই এই আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
সরকারের সাফাই: বিরোধীদের হাজারো অভিযোগ ও প্রতিবাদের মাঝেই রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনড়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা এবং রাজ্যকে গুন্ডামুক্ত করতেই এই আইনের প্রয়োজন। তিনি আরও বলেন, “রাজ্যে কোনো ধরনের অশান্তি ছড়ানোর চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না। পুলিশ এখন থেকে কঠোরভাবে নতুন আইন প্রয়োগ করবে।”
সোমবার রাজ্যের তরফে এই আইন কার্যকর করার ঘোষণার পরপরই কলকাতা হাইকোর্টে সব্যসাচী চট্টোপাধ্যায়ের এই আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়।
