গুন্ডা দমনে পুলিশের হাতে এল সীমাহীন ক্ষমতা – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/06/12/suvendu-adhikari-2026-06-12-13-23-25.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
রাজ্যে দুর্নীতি, সমাজবিরোধী কার্যকলাপ ও দুষ্কৃতী দমনে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’। বিধানসভায় পাশ হওয়া এই নতুন আইনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এর অধীনে কোনো ব্যক্তিকে বিপজ্জনক মনে হলে সর্বোচ্চ এক বছর প্রতিরোধমূলক আটক রাখা যাবে এবং হাই কোর্টের বিচারপতির নেতৃত্বাধীন অ্যাডভাইজরি বোর্ড এর যৌক্তিকতা বিচার করবে। এছাড়া দুষ্কৃতীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও এলাকা থেকে বহিষ্কারের ক্ষমতাও থাকছে প্রশাসনের হাতে।
এদিকে এই আইনকে অত্যন্ত কঠোর আখ্যা দিয়ে রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের আশঙ্কায় সরব হয়েছে বিরোধী দল ও নাগরিক সমাজ। যদিও শাসক দল বিজেপির দাবি, আইনের অপব্যবহারের সুযোগ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আইন মেনে চলা সাধারণ নাগরিকদের ভয়ের কিছু নেই, বরং বারবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ। এই আইনে দায়িত্ব পালনকারী পুলিশ ও সরকারি কর্মচারীদের বিশেষ আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। আইনটির বাস্তব প্রয়োগের দিকে এখন কড়া নজর রাখছে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজ।
