গোপনে কিসের ভয়? রাওয়ালপিন্ডিতে হঠাৎ ছয় মাসের জন্য সেনা মোতায়েন শরিফ সরকারের! – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক কেন্দ্রবিন্দু রাওয়ালপিন্ডিতে আগামী ছয় মাসের জন্য সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে শেহবাজ শরিফ সরকার। সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের আওতায় স্পর্শকাতর নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর তিনটি কো ম্পা নি মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের সেনার জেনারেল হেডকোয়ার্টার এবং নুর খান বায়ুঘাঁটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানগুলো এই এলাকায় অবস্থিত হওয়ায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে এই পদক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে, অভ্যন্তরীণ নিরাপত্তার অবনতি এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো এক ব্যক্তির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) যোগ ছিল এবং পালটা গুলিতে তার মৃত্যু হয়। যদিও এই ঘটনার সঙ্গে দলটির কোনো ধরনের সংশ্লিষ্টতা জোরালোভাবে অস্বীকার করেছে পিটিআই। এর আগে ২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় এই রাওয়ালপিন্ডিরই নুর খান বায়ুঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল ভারত। সব মিলিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার আবহে এই সেনা মোতায়েন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
