‘ঘরছাড়া’ সাংসদের নতুন চাল! ক্ষোভ ঢাকতেই কি মুখ্যমন্ত্রীর দরবারে জগদীশ বসুনিয়া? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 20267:33 pm
কোচবিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড়। জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনার কথা বলে খোদ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিতর্কিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়েছে তীব্র জল্পনা।
গত বিধানসভা ভোটের পর থেকেই স্থানীয় অধিবাসী ও বিরোধীদের প্রবল অসন্তোষের মুখে পড়েন জগদীশ বসুনিয়া। তাঁর বিরুদ্ধে অতীতে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে, ভোটের পর থেকে সিতাইয়ে নিজের বাসভবনে পা রাখতে পারেননি এই সাংসদ। স্ত্রী সঙ্গীতা রায় সহ পরিবার নিয়ে এতদিন কার্যত এলাকাছাড়া হয়ে জীবন কাটাতে হয়েছে তাঁকে।
ইতিমধ্যে শাসকদলের অন্দরে বিদ্রোহী শিবিরে তাঁর নাম জড়ানো এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে তাঁর যোগাযোগের গুঞ্জন রাজনীতিকে সরগরম করে তুলেছিল। তার মধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে তাঁর উপস্থিতি জল্পনার আগুনে নতুন ঘি ঢালল।
যদিও এই বৈঠক প্রসঙ্গে সাংসদ জগদীশ বসুনিয়ার দাবি, কোচবিহারের জনপ্রতিনিধি হিসেবে জেলার প্রশাসনিক কাজ ও অগ্রগতির স্বার্থেই রাজ্যের প্রধানের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নিজের এলাকায় ফেরার পথ পরিষ্কার করা এবং কোণঠাসা পরিস্থিতি থেকে বাঁচার কৌশল হিসেবেই বিতর্কিত এই সাংসদ এই মাস্টারস্ট্রোক দিয়েছেন। এই সাক্ষাতের নেপথ্যে অন্য কোনো গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
