ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির বিচ্ছিন্ন এলাকায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে এবং রবিবার ভোর পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি থাকতে পারে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা বাদে রাজ্যের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নদিয়ার কল্যাণীতে ৯১.৮ মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় ৮৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কলকাতায় বিভিন্ন জায়গায় ৫১.৬ থেকে ৬৩.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, যানজট এবং দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনার কিছু অংশে বন্যার ঝুঁকি রয়েছে। অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি, কাঁচা রাস্তা ও দুর্বল বাড়িঘরের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে কলকাতা, হলদিয়া ও সাগর দ্বীপ বন্দরে লোকাল কশনরি-৩ সংকেত জারি করা হয়েছে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটকদের সমুদ্র সৈকতে বিনোদনমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের কাটা ধান ও ফসল নিরাপদ স্থানে সরিয়ে রাখার জন্য বলা হয়েছে। রবিবার পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
