ঘোষবাবু খুন হয়েছেন! ভয় দেখিয়ে লাখ টাকার গয়না সাফ, পলাতক দুই ভুয়ো গোয়েন্দা – এবেলা

এবেলা ডেস্কঃ
পর্ণশ্রীর বীরেন রায় রোড এলাকায় লালবাজারের গোয়েন্দা আধিকারিক পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ওষুধ কিনতে যাওয়ার সময় শকুন্তলা পার্কের ওই বাসিন্দার পথ আটকায় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এলাকায় অপরাধ দমনের নামে তারা ভয় দেখিয়ে দাবি করে, কিছুদিন আগেই ডাকাতরা ঘোষবাবুকে খুন করেছে এবং বেশি গয়না পরলে তাঁরও একই পরিণতি হতে পারে। এই চরম আতঙ্ক তৈরি করে তারা ভুক্তভোগীকে তাঁর হাতের তিনটি আংটি ও সোনার হার একটি প্লাস্টিকের ব্যাগে রাখতে বাধ্য করে।
গয়নাগুলি প্লাস্টিকে ভরে স্কুটারের ডিকিতে রাখতে সাহায্য করার অছিলায় চোখের পলকে সেগুলির হাতবদল করে চম্পট দেয় ওই দুই ভুয়ো পুলিশ। বাড়ি ফিরে ডিকি খুলে গয়না উধাও দেখতে পেয়ে প্রতারণার বিষয়টি পরিষ্কার হয় ওই ব্যক্তির কাছে। এরপর তিনি স্থানীয় এলাকায় খোঁজ নিয়ে ব্যর্থ হয়ে পর্ণশ্রী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধান ও গ্রেপ্তারের জোরালো তল্লাশি শুরু করেছে পুলিশ।
