চরম অর্থকষ্টে দিন কাটছে লাটাগুড়ির মহাকাল ধামের প্রাক্তন সেবায়েত বন্ধইন মুন্ডার

চরম অর্থকষ্টে দিন কাটছে লাটাগুড়ির মহাকাল ধামের প্রাক্তন সেবায়েত বন্ধইন মুন্ডার

লাটাগুড়ির বড়দিঘি বনবস্তির বাসিন্দা আশি বছর বয়সী বন্ধইন মুন্ডা বর্তমানে চরম অর্থকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় দিন কাটাচ্ছেন। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি লাটাগুড়ির মহাকাল ধামের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মন্দিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে পুণ্যার্থীদের পুজোয় সহায়তা করা—সবই ছিল তাঁর নিত্যদিনের কাজ। কিন্তু বর্তমানে ক্ষীণ দৃষ্টিশক্তি এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি আর মন্দিরে যেতে পারছেন না।

ভাঙাচোরা কাঠের ঘরে লাঠিতে ভর দিয়ে কোনোমতে দিন কাটছে তাঁর। তাঁর পুত্রবধূ নানকি ওরাওঁ জানিয়েছেন, চিকিৎসার জন্য তাঁকে দুবার হাসপাতালে ভর্তি করা হলেও তিনি বাড়ি ফিরে আসার জন্য জেদ করেন। দীর্ঘদিনের কর্মস্থল মহাকাল ধামে যেতে না পারার যন্ত্রণা তাঁকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই মন্দিরের ইতিহাসের সাক্ষী বন্ধইন মুন্ডা অতীতে বহুবার বুনো হাতির মুখোমুখি হয়েও বরাতজোরে রক্ষা পেয়েছেন।

একসময় নিজের ঘরবাড়ির মতোই মন্দিরকে আগলে রেখেছিলেন তিনি। এখন শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলায় তাঁর একটাই আর্জি, সুস্থ হয়ে তিনি যেন ফের মহাকাল বাবার কাছে ফিরে যেতে পারেন। সরকারি কোনো সহায়তা না পাওয়ায় তিনি নিজের চিকিৎসা করাতে পারছেন না। পরিবারের সদস্যদের মতে, প্রশাসনের সহযোগিতা পেলে তাঁর চিকিৎসা সম্ভব হতো এবং তিনি হয়তো ফের সুস্থ হয়ে উঠতে পারতেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *