চরম ছাত্রবিক্ষোভের জেরে শেষ পর্যন্ত বাতিল এনএলএসআইইউ-র সমাবর্তন! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের অন্যতম শীর্ষ আইন শিক্ষাপ্রতিষ্ঠান বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি বা এনএলএসআইইউ-র আসন্ন ৩৪তম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্কের জেরে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর এই সমাবর্তন হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই-র চেয়ারম্যান মনন কুমার মিশ্রকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে শিক্ষার্থীরা তীব্র আপত্তি তোলেন। হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থনে এনএলএসআইইউ-র বর্তমান, প্রাক্তন ও উত্তীর্ণ মিলিয়ে প্রায় সাতশো জন শিক্ষার্থী যৌথভাবে প্রশাসনের কাছে প্রতিবাদপত্র পাঠান। এর আগে নালসারের সমাবর্তনে প্রতিবাদ করায় শিক্ষার্থীদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি আটকে দেওয়ার নির্দেশ ঘিরে দেশজুড়ে যে বিতর্কের সূত্রপাত হয়, তারই জেরে এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে এ বছর সমাবর্তন আয়োজন করা সম্ভব না হলেও এতে কারো কোনো শিক্ষাগত বা পেশাগত ক্ষতি হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ডিগ্রি অনুপস্থিতিতেই প্রদান করা হবে এবং তাঁরা চাইলে ডাকযোগে কিংবা সরাসরি ক্যাম্পাস থেকে শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া স্বর্ণপদকজয়ীরা ১২ সেপ্টেম্বর বা তার পরেও ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে তাঁদের পদক সংগ্রহ করতে পারবেন। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই ছাত্রবিক্ষোভ ও নিঃশর্ত ক্ষমার দাবির মুখে শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলো এনএলএসআইইউ কর্তৃপক্ষ।
