‘চিকেনস নেক’-এ চোখ চিন-আইএসআইয়ের, স্বাধীনতার পরই জরুরি বৈঠকে শিলিগুড়িতে অমিত শাহ! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর-পূর্ব ভারতের ভৌগোলিক সংযোগ রক্ষা করার ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করতে ২২ আগস্ট শিলিগুড়ি সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-নেপাল সীমান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ক্রমবর্ধমান প্রভাব এবং জনবিন্যাস পরিবর্তনের চেষ্টার পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে চীনের প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সিকিম এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া সংবেদনশীল এলাকায় ভারতবিরোধী ষড়যন্ত্র রুখতে এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার বজ্রআঁটুনি আরও জোরদার করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্ভাব্য সফর নির্ধারিত হয়েছে।
এই সফরকালে কাওয়াখালিতে আয়োজিত একটি সচেতনতা শিবিরে অংশ নেওয়ার পাশাপাশি বিএসএফ, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গত জুলাই মাসেই শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন তিনি, যেখানে সীমান্তবর্তী নিরাপত্তা সংহত করার বার্তা দেওয়া হয়। এর আগে আশির দশক থেকেই আইএসআই নেপালকে ঘাঁটি করে অনুপ্রবেশের ছক কষে আসছে এবং অন্যদিকে ডোকলাম ও গালওয়ান অভিজ্ঞতার পর চিনের অবস্থান ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
