ছটপুজোয় সেজে উঠল হাওড়ার গঙ্গার ঘাট, পুণ্যার্থীদের সঙ্গে সামিল মুখ্যমন্ত্রী

ছটপুজোয় সেজে উঠল হাওড়ার গঙ্গার ঘাট, পুণ্যার্থীদের সঙ্গে সামিল মুখ্যমন্ত্রী

ছটপুজোর আবহে হাওড়ার গঙ্গার ঘাটগুলি উৎসবের আমেজে সেজে উঠেছে। উৎসবের বিকেলে সুসজ্জিত লঞ্চে চেপে রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সরাসরি পুণ্যার্থীদের পুজোর জায়গায় গিয়ে তাঁদের সঙ্গে ছটপুজোয় অংশ নেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে রামকৃষ্ণপুর ঘাট চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‍্যাফের পাশাপাশি সাদা পোশাকের পুলিশকর্মীরাও নজরদারি চালান। নদীপথে রিভার ট্রাফিক পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা লঞ্চ ও নৌকা থেকে পরিস্থিতির ওপর নজর রাখেন এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল।

শুধু রামকৃষ্ণপুর নয়, তেলকল, শিবপুর, নমকগোলা, বাঁধাঘাট, সালকিয়া, গোলাবাড়ি ও নাজিরগঞ্জ সহ হাওড়ার প্রায় প্রতিটি গঙ্গার ঘাটেই ছিল উৎসবের আমেজ। হাজার হাজার ব্রতী গঙ্গায় নেমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। পুণ্যার্থীদের সুবিধার্থে হাওড়া পুর নিগম ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, ব্যারিকেড, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয় বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও এই আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

ছটপুজোর এই ভক্তিপূর্ণ পরিবেশ, সুশৃঙ্খল আয়োজন এবং বিপুল জনসমাগম দেখে পুণ্যার্থীদের অনেকেই জানিয়েছেন, হাওড়ার এই দৃশ্য তাঁদের পাটনার ছটপুজোর কথা মনে করিয়ে দিচ্ছে। প্রশাসনের তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *