ছোটপর্দায় নতুন ইনিংস শুরু করলেন কোয়েল মল্লিক

দীর্ঘ ২৩ বছর টলিউডে অভিনয়ের পর এবার ছোটপর্দায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোনি আট চ্যানেলের নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০-স’-এ লেখিকা অপরাজিতার চরিত্রে দেখা যাবে তাঁকে। নিজের এই নতুন সফর নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী জানান, টেলিভিশনের চরিত্ররা খুব দ্রুত দর্শকদের ঘরের মানুষ হয়ে ওঠেন, যা সিনেমার ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না। এই ধারাবাহিকে মূলত নব্বইয়ের দশকের নস্টালজিয়া, চিঠি লেখা, ল্যান্ডলাইনের অপেক্ষা এবং সেই সময়ের ছোট ছোট মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে কোয়েল জানান, রক্ষণশীল পরিবারে বড় হওয়ার কারণে ছোটবেলায় বা পুজোর সময়েও প্রেম করার সুযোগ পাননি তিনি। গার্লস স্কুল ও কলেজে পড়াশোনা এবং পারিবারিক কড়াকড়ির কারণে সেই সময়ের সাধারণ রোমান্টিকতা থেকে তিনি বঞ্চিত ছিলেন। তবে এই আফসোস তাঁর নেই, বরং সিরিয়াস স্বভাবের কারণে সেই বয়সে প্রেম না করাকেই তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। ধারাবাহিকের মাধ্যমে সেই হারানো দিনগুলোকেই তিনি নতুন করে অনুভব করছেন।
বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়া আসক্তি ও ভার্চুয়াল জগতের প্রতিও নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, আজকের প্রজন্ম ইমোশনালি প্রেজেন্ট নয়, সবাই ফোনের স্ক্রিনে ব্যস্ত থাকায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভুলে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা কোয়েল জানান, তিনি সোশ্যাল মিডিয়াকে কেবল কাজের প্রচারের মাধ্যম হিসেবেই ব্যবহার করেন। ক্যামেরার সামনে আজও প্রথম দিনের মতোই নার্ভাস বোধ করেন তিনি, যা তাঁকে প্রতিটি কাজের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিতে সাহায্য করে।
