জমিজট পার! নন্দীগ্রাম থেকে রানাঘাট, বাংলায় থমকে থাকা ১৭টি রেল প্রকল্পে এবার বুলেট গতি – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক বড়সড় মেগা আপডেট! দীর্ঘদিনের জমিজট, আইনশৃঙ্খলাজনিত সমস্যা এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্যে থমকে থাকা ১৭টি নতুন রেল লাইন প্রজেক্ট ফের চালু করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান। নন্দীগ্রাম, কাঁথি, রানাঘাটসহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রুটে এই কাজ দ্রুত শুরু হতে চলেছে।
রেলমন্ত্রী স্পষ্ট জানান, “জমি অধিগ্রহণ ও নানা জটিলতায় আগে বেশ কিছু প্রকল্প স্থগিত রাখা হলেও, সাধারণ মানুষের স্বার্থ ও যাতায়াতের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পগুলো নতুন করে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
যে ১৭টি রুটে নতুন করে রেল লাইন বসানোর কাজ শুরু হচ্ছে: ১. প্রান্তিক – সিউড়ি
২. বনগাঁ – পোড়া মহেশতলা
৩. বনগাঁ – চাঁদবাজার
৪. চাঁদবাজার – বাগদা
৫. রানাঘাট (আড়ংঘাটা) – দত্তফুলিয়া
৬. কাঁথি – এগরা
৭. নন্দকুমার – বলাইপন্ডা
৮. নন্দীগ্রাম – কাঁ দিয়ামারি (নয়াচর)
৯. বোয়াইচণ্ডী – আরামবাগ
১০. বোয়াইচণ্ডী – খানা
১১. বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া (ভায়া হুরা)
১২. রায়গঞ্জ – ইটাহার
১৩. গাজোল – ইটাহার
১৪. ইটাহার – বুনিয়াদপুর
১৫. চালসা – নকশাল
১৬. রাজাভাতখাওয়া – জয়ন্তিয়া
১৭. রায়গঞ্জ – ডালখোলা
প্রকল্পের মোট ব্যয় ও অগ্রগতি: বিজেপি নেতা রাহুল সিনহার এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী তথ্য প্রকাশ করে জানান, ১ এপ্রিলের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ৬৩টি রেল প্রকল্পের অনুমোদন রয়েছে। এর মধ্যে ১৪টি নতুন লাইন, ৪টি গেজ পরিবর্তন এবং ৪৫টি ডবল বা ট্রিপল ট্র্যাকিং (দ্বিতীয়/তৃতীয় লাইন) অন্তর্ভুক্ত।
- মোট প্রকল্প দূরত্ব: ৫,১৪৫ কিলোমিটার।
- মোট বাজেট: ৮৩,৪৩৩ কোটি টাকা (যার মধ্যে মারফত ১,৭২১ কিমি রেলপথের কাজ ইতিমধ্যেই চলমান)।
- মার্চ ২০২৬ পর্যন্ত খরচ: ২৭,৯৪৯ কোটি টাকা।
এছাড়া, ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেলের পরিকাঠামো বৃদ্ধি ও সুরক্ষার জন্য বাজেটে বিপুল ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (যেখানে ২০০৯-১৪ সালের মধ্যে বার্ষিক গড় বরাদ্দ ছিল মাত্র ৪,৩৮০ কোটি টাকা)।
মন্ত্রী আরও জানান, সেবক-রংপো, তারকেশ্বর-বিষ্ণুপুর এবং বালুরঘাট-হিলি লাইনে নতুন পথ তৈরির পাশাপাশি রাজ্যের একাধিক ব্যস্ত রেল রুটে ৩য় ও ৪র্থ লাইন সম্প্রসারণের কাজও জোরকদমে চলছে।
