জমি ফেরত চাওয়াতেই রক্তপাত! অতর্কিত হামলায় রক্তাক্ত একই পরিবারের ৫ জন, নেপথ্যে কি পুরনো রোষ? – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার মাটিকুমড়া এলাকায় জমি ফেরত চাওয়ায় এক বিজেপিকর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং একজনের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে দাবি পরিবারের। আহতদের প্রথমে স্থানীয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাঁদের বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, তৃণমূল জমানায় তাঁদের জমি জোর করে দখল করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই জমি ফেরত চাওয়াই কাল হয়েছে। ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলে দাবি করেছে পদ্মশিবির। বিজেপির স্থানীয় নেতৃত্ব অবিলম্বে সমস্ত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
