জমি-বাড়ি দখলের অভিযোগ রেখা পাত্রের বিরুদ্ধে, কেশবানন্দ মহারাজের নালিশে তুঙ্গে চর্চা – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্নীতি ও জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক এমন সময়েই খোদ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে জোর করে জমি ও বাড়ি দখল করে রাখার গুরুতর অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালিতে কেশবানন্দ মহারাজ নামে এক বিজেপি সমর্থক অভিযোগ করেছেন যে, বিধানসভা নির্বাচনের সময় তাঁর চার বিঘে জমির ওপর নির্মিত তিনতলা বাড়িটি ভাড়ায় নিয়েছিলেন রেখা। কিন্তু ভোট মিটে যাওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িটি ছাড়ছেন না বিধায়ক, এমনকি গত তিন মাস ধরে কোনো ভাড়াও দেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ১ কোটি ২৫ লক্ষ টাকায় বাড়িটি কেনার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। উল্টোদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক রেখা পাত্র। তাঁর পালটা বক্তব্য, পায়ের চোটের কারণে বিধানসভায় যাতায়াত বন্ধ থাকায় তাঁর বেতন আটকে রয়েছে এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মহারাজকে দেওয়া হয়েছিল। অন্যদিকে, এই ঘটনার পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ২২ কাঠা জমি জবরদখল ও হুমকির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ক্ষোভ উগরে দিয়েছেন পাঁচজন মহিলা।
