জাতীয় সঙ্গীতের অবমাননা! ফের চরম বিতর্কে রাহুল গান্ধী? – এবেলা

এবেলা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। দিল্লির একটি জাতীয় সম্মেলনে জাতীয় সঙ্গীত চলাকালীন তাঁর আচরণের জেরে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রকাশ করে দাবি করা হয়েছে, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন না করে রাহুল মঞ্চে উপস্থিত অন্যান্য নেতাদের সঙ্গে খোশগল্প এবং করমর্দনে ব্যস্ত ছিলেন। যদিও ভিডিওটিতে দেখা গেছে যে সঞ্চালক তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও তিনি তা লক্ষ্য করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
ওই একই মঞ্চে রাহুলের উপস্থিতি নিয়ে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি ও বিশ্বনেতাদের সঙ্গে আলিঙ্গন করার ভঙ্গি অনুকরণ করতে গিয়ে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করে বসেন। এই দুই ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য বজায় রয়েছে।
