জিএসটি নিয়মে বিরাট রদবদল! অর্থমন্ত্রীর এই বড় সিদ্ধান্তে স্বস্তিতে কোটি কোটি ব্যবসায়ী? – এবেলা

এবেলা ডেস্কঃ
কর কাঠামো আরও সরলীকরণ ও পদ্ধতিগত জটিলতা কমাতে এক গুচ্ছ বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, আপাতত জিএসটি হার পরিবর্তনের বদলে ব্যবসায়িক কাজকর্ম সহজ করার ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর আধিকারিকদের গ্রেপ্তারি সংক্রান্ত ক্ষমতা খর্ব করা হয়েছে। এতদিন ১ কোটি টাকার কর ফাঁকির ক্ষেত্রে ফৌজদারি মামলা দায়ের করা যেত, এবার সেই ন্যূনতম সীমা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ, কম অঙ্কের অনিয়মের ক্ষেত্রে আর সরাসরি ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে না।
পাশাপাশি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ই-কমার্স বিক্রেতাদের আইনি ঝামেলা থেকে মুক্তি দিতে একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, ১০ হাজার টাকা বা তার কম অঙ্কের বকেয়া করের জন্য নতুন করে কোনও নোটিস জারি করা হবে না এবং পূর্ববর্তী নোটিসগুলিও প্রত্যাহার করা হবে। এছাড়া, জিএসটি নোটিস ও অন্যান্য আইনি ব্যবস্থার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রক্রিয়া-সংক্রান্ত এই বড় সংস্কারের ফলে ব্যবসায়ীদের ওপর থেকে অহেতুক চাপ কমবে এবং আইনি জটিলতা এড়িয়ে ব্যবসা পরিচালন অনেকাংশে সহজ হবে বলে আশা করা হচ্ছে।
