‘জেন জি পশ্চিমা ধারণা, ওরা আমাদেরই সন্তান’: তরুণদের নতুন বার্তা হিমন্ত বিশ্ব শর্মার – এবেলা

‘জেন জি পশ্চিমা ধারণা, ওরা আমাদেরই সন্তান’: তরুণদের নতুন বার্তা হিমন্ত বিশ্ব শর্মার – এবেলা

এবেলা ডেস্কঃ

‘জেন জি’ বা ‘জেন আলফা’-র মতো পশ্চিমা ও ইউরোপীয় শব্দবন্ধ দিয়ে তরুণ প্রজন্মকে চিহ্নিত করার বিরোধিতা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর এক জনসভায় তিনি স্পষ্ট জানান, তরুণরা কোনো নির্দিষ্ট বর্ণমালার পরিচয়ে সীমাবদ্ধ নয়, তারা আমাদেরই সন্তান। অন্ধভাবে বাইরের মডেল অনুসরণ না করে আসামের নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে “আসাম মডেল” গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য সরকার একটি পৃথক বিভাগ গঠন করছে জানিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে আগামী ৫ বছরে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনার কথা ঘোষণা করেন। এর পাশাপাশি একটি উপগ্রহ শহর (Satellite City) নির্মাণ, আটটি উপ-জেলা গঠন, ‘খেল মহারণ’-এর পরবর্তী আসর এবং শিশুদের ৫০টি জটিল রোগের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দেন তিনি।

সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে একাধিক কড়া পদক্ষেপের বার্তা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান:

  • বহুবিবাহ ও বাল্যবিবাহ রোধ: বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। প্রথম স্ত্রীর অধিকার রক্ষায় সরকারি কর্মচারীদের বেতন অর্ধেক কেটে প্রথম স্ত্রীকে দেওয়ার নিয়ম চালুর পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও একই আইন আনার কাজ চলছে।
  • জমির অধিকার: ৪০টি রাজস্ব সার্কেলে তিন প্রজন্ম ধরে বসবাসকারী বাসিন্দারা জমি কেনার অধিকার পাবেন, যা আদিবাসী সমাজকে সুরক্ষা দেবে।
  • বন্যা ও পুনর্বাসন: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে তিনি জানান, ১০ সেপ্টেম্বরের মধ্যে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।

এছাড়া, আগামী জনগণনায় রাজ্যের ভাষাগত পরিচয় শক্তিশালী করতে সকলকে নিজেদের ভাষা ‘আসামীয়া’ হিসেবে নিবন্ধিত করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *