‘জোড়াফুল’ কার? আজই নির্বাচন সদনে চূড়ান্ত ফয়সালা? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 20269:10 am
বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই তুঙ্গে উঠেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ প্রতীক-বিতর্ক। ‘জোড়াফুল’ প্রতীক এবং দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে আজ, বৃহস্পতিবার নয়া দিল্লির ‘নির্বাচন সদন’-এ চূড়ান্ত শুনানির আয়োজন করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে তলব করা হয়েছে দুই প্রতিপক্ষ শিবিরকেই।
আজ বিকেল ৩টেয় প্রথম শুনানির জন্য ডাকা হয়েছে ঋতব্রত ব্যানার্জি শিবিরকে। এর ঠিক এক ঘণ্টা পর, বিকেল ৪টেয় কমিশনে বক্তব্য পেশ করবে কালীঘাটের প্রতিনিধি দল।
ঘটনাপ্রবাহ ও আইনি লড়াই:
- উভয় পক্ষের জোরালো দাবি: মমতা ব্যানার্জি এবং ঋতব্রত ব্যানার্জি—দুই পক্ষই জোড়াফুল প্রতীকের ওপর নিজেদের পূর্ণ অধিকার দাবি করে কমিশনের দ্বারে পৌঁছেছে।
- নথি জমা ও জবাবদিহি: গত ১২ সেপ্টেম্বর প্রথম দফার পর, ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথি ও আলিপুর আদালতের নির্দেশের প্রেক্ষিত নিয়ে মমতা শিবিরকে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে লিখিত জবাব দিতে বলেছিল কমিশন।
- উপনির্বাচনের অনিশ্চয়তা: ১৬ সেপ্টেম্বরই ছিল উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কমিশন এখনও পর্যন্ত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ বা প্রতীক বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত না নেওয়ায় দুই পক্ষই নিজ নিজ প্রার্থী ঘোষণা করেছে।
কমিশনের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবারের এই হাই-ভোল্টেজ শুনানিতে ঋতব্রত ব্যানার্জির শিবিরের পক্ষে উপস্থিত থাকতে পারেন অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান এবং আমান ঝা। রাজনৈতিক মহলের নজর এখন নির্বাচন সদনের দিকে—আজই কি মেটবে জোড়াফুলের মালিকানা নিয়ে তৈরি হওয়া আইনি জট?
