টাটা সন্সের সিদ্ধান্ত ‘বেআইনি’! চন্দ্রশেখরনকে ফেরানো নিয়ে সংঘাতে নোয়েল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 18, 20266:00 am
টাটা সাম্রাজ্যে এখন আক্ষরিক অর্থেই গৃহযুদ্ধের আবহ! গত ১২ অগস্ট ইস্তফার কথা ঘোষণা করলেও, নাটকীয় পট পরিবর্তনে ফের টাটা সন্সের চেয়ারম্যান পদেই থেকে যেতে চলেছেন এন চন্দ্রশেখরন। বৃহস্পতিবার টাটা সন্সের বোর্ড মিটিংয়ে তাঁকে আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তকে ঘিরে টাটা গোষ্ঠীর অন্দরের ফাটল সম্পূর্ণ প্রকাশ্যে চলে এসেছে। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন এবং ট্রাস্টসের তরফে টাটা সন্সের এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘বেআইনি’ আখ্যা দেওয়া হয়েছে।
কী ঘটেছিল বোর্ড মিটিংয়ে? প্রায় ৩৮.৫ লক্ষ কোটি টাকার টাটা গোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সংস্থা হল টাটা সন্স। এর ৬৬ শতাংশ শেয়ারের মালিক টাটা ট্রাস্টস। বৃহস্পতিবারের বৈঠকে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের প্রস্তাবে বোর্ডের পাঁচ সদস্য— বেণু শ্রীনিবাস, হরিশ মানওয়ানি, সৌরভ অগ্রবাল, অনিতা জর্জ এবং স্বয়ং চন্দ্রশেখরন সমর্থন জানান। একমাত্র নোয়েল টাটা এর বিপক্ষে ভোট দেন।
টাটা ট্রাস্টসের দাবি, নিয়ম অনুযায়ী তাদের মনোনীত প্রতিনিধিদের সর্বসম্মত ভোট ছাড়া চেয়ারম্যান নিয়োগ বা পুনর্নিয়োগ করা যায় না। ট্রাস্টসের এক প্রতিনিধি বেণু শ্রীনিবাস পক্ষে ভোট দিলেও, নোয়েল নিজে এর বিরোধিতা করায় এই প্রস্তাব আইনি বৈধতা পায় না। নোয়েল টাটা প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আইনি পরামর্শও বৈঠকে পেশ করতে চেয়েছিলেন, কিন্তু বোর্ড তা গ্রহণ করেনি বলেই অভিযোগ। ট্রাস্টসের মতে, প্রকাশ্যে ইস্তফা ঘোষণার পর তা আর প্রত্যাহারের সুযোগ নেই।
বিরোধের মূল কারণ কী? সংঘাতের কেন্দ্রে রয়েছে টাটা সন্সকে শেয়ার বাজারে তালিকাভুক্ত (IPO) করার বিষয়টি। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে চন্দ্রশেখরন সংস্থাকে শেয়ার বাজারে আনার পক্ষপাতী এবং সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন। নোয়েলের শ্বশুরমশাই প্রয়াত পালোনজি মিস্ত্রির সংস্থা ‘শাপুরজি পালোনজি গোষ্ঠী’র হাতে টাটা সন্সের ১৮ শতাংশ মালিকানা রয়েছে। তারাও এই পদক্ষেপ সমর্থন করে। কিন্তু নোয়েল টাটা এর ঘোর বিরোধী। এর আগে এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি সংস্থার বিপুল লোকসান নিয়েও নোয়েলের সঙ্গে চন্দ্রশেখরনের তীব্র মতবিরোধ হয়েছিল, যার জেরে ফেব্রুয়ারিতে নিজের মেয়াদ শেষের পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চন্দ্রশেখরন।
শেয়ার বাজারে উচ্ছ্বাস টাটার শীর্ষ পর্যায়ে আইনি লড়াই ও ডামাডোল চললেও, চন্দ্রশেখরনের প্রত্যাবর্তনের খবরে শেয়ার বাজার কিন্তু ইতিবাচক সাড়াই দিয়েছে। তাঁর পুনর্নিয়োগের খবরে বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে। টাটা কেমিক্যালসের শেয়ার দর প্রায় ১৪ শতাংশ এবং টাটা স্টিলের দর ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আপাতত টাটা গোষ্ঠীর অন্দরের এই আইনি জটিলতা ও ক্ষমতার লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর শিল্পমহলের।
