টালা ট্যাঙ্কের পাইপলাইন মেরামতে উভয় সঙ্কটে কলকাতা পুরসভা

টালা ট্যাঙ্কের পাইপলাইন মেরামতে উভয় সঙ্কটে কলকাতা পুরসভা

টালা ট্যাঙ্কের জল সরবরাহকারী মূল পাইপলাইনের ফাটল মেরামত নিয়ে চরম উভয় সঙ্কটে পড়েছে কলকাতা পুরসভা। পাইপলাইনটি পুরোপুরি বন্ধ বা শাট ডাউন না করলে ফাটলের উৎসমুখ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। আবার শাট ডাউন করলে উত্তর ও মধ্য কলকাতার যে এলাকাগুলিতে বর্তমানে বিকল্প ব্যবস্থায় সামান্য জল পৌঁছাচ্ছে, সেখানেও পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না পুরসভার ইঞ্জিনিয়াররা।

গত সোমবার সকালে টালা ট্যাঙ্কের মূল পাইপলাইনের দুটি জায়গায় ফাটল দেখা দেয়। রবিবার এই বিপর্যয়ের সপ্তম দিনে পড়ল। গত এক সপ্তাহ ধরে উত্তর ও মধ্য কলকাতার বাগবাজার, টালা, পাইকপাড়া, কাশীপুর, শ্যামবাজার, বৌবাজার ও বাদুড়বাগানের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় জল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পুরসভা বিকল্প বাইপাস পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের চেষ্টা করলেও, কম চাপের কারণে বাসিন্দাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও জল মিলছে না। বাধ্য হয়ে অনেককেই পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জল কিনে চালাতে হচ্ছে।

পুরসভার ইঞ্জিনিয়ারদের মতে, বিকল্প পাইপলাইনে অতিরিক্ত চাপ দিলে সেটিও ফেটে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই মূল পাইপলাইন মেরামতের জন্য পূর্ণ শাট ডাউনের প্রয়োজন রয়েছে, তবে সে বিষয়ে এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত মেলেনি। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে। সূত্রের খবর, মেন পাইপলাইন শাট ডাউনের বিষয়ে আগামী সপ্তাহের গোড়াতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *