দক্ষিণ কলকাতায় যাত্রা শুরু করল অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল ম্যাক্সপেটজ়
শহরের পোষ্যপ্রেমী ও পেট-পেরেন্টদের জন্য সুখবর নিয়ে দক্ষিণ কলকাতার পূর্ণ দাস রোডে যাত্রা শুরু করল অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল ‘ম্যাক্সপেটজ়’। শনিবার এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং রাইমা সেন। দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো নিয়ে এই হাসপাতালটি কলকাতায় তাদের পরিষেবা চালু করল।
হাসপাতালটিতে ২৪ ঘণ্টার জরুরি পরিষেবা, উন্নত ডায়াগনস্টিক ল্যাব, ফিজিওথেরাপি, আধুনিক অপারেশন থিয়েটার এবং আইসিইউ-এর সুবিধা রয়েছে। অভিজ্ঞ পশু-চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে কুকুর ও বিড়ালদের জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পোষ্যদের প্রয়োজনীয় ওষুধ ও খাবার অনলাইনে অর্ডার করার সুযোগ এবং পেট-পেরেন্টদের জন্য ক্যাফেটেরিয়া ও সেলফি-জ়োনের মতো সুবিধাও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিমি চক্রবর্তী জানান, পোষ্যদের জরুরি প্রয়োজনে এই ধরনের হাসপাতালের উপস্থিতি শহরের পেট-পেরেন্টদের দুশ্চিন্তা অনেকটাই কমাবে। রাইমা সেন হাসপাতালের আধুনিক পরিকাঠামোর প্রশংসা করে জানান, এক ছাদের তলায় সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা পাওয়ায় পোষ্যদের চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে না। উদ্বোধনের দিন থেকেই হাসপাতালটিতে পরিষেবা প্রদান শুরু হয়েছে এবং প্রথম দিনেই পোষ্যদের ভিড় লক্ষ্য করা গেছে।
