ট্রাম্পের চমক, ইজরায়েল-লেবানন যুদ্ধে ১০ দিনের বিরতি!

দীর্ঘদিনের বৈরিতা ও রক্তক্ষয়ী সংঘাত বন্ধের লক্ষ্যে ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩৪ বছর পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সকে।
সীমান্ত সংঘাত ও সাম্প্রতিক তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে দক্ষিণ লেবাননের মানবিক সংকট নিরসন ও জাতীয় সীমান্তে লেবাননের সেনাবাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দেশটির সরকারের প্রধান লক্ষ্য। তবে হেজবোল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর অনড় অবস্থান এবং দুই দেশের মধ্যকার গভীর অবিশ্বাস এই শান্তি আলোচনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক ইজরায়েলি হামলায় লেবাননে শিশু ও স্বাস্থ্যকর্মীসহ ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন।
