ট্রাম্পের সিদ্ধান্তে তোলপাড় পাকিস্তানের অর্থনীতি!
দীর্ঘ সাত বছরের কঠোর নিষেধাজ্ঞার পর ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের অবস্থানে বড় পরিবর্তন আনল পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান এখন থেকে ক্রিপ্টো সংস্থাগুলোকে নিয়ন্ত্রিতভাবে মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের অনুমতি দিয়েছে। এই নতুন কাঠামোর আওতায় ক্রিপ্টো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবে। তবে ব্যাংকগুলোকে সরাসরি ক্রিপ্টো কেনাবেচা বা এতে বিনিয়োগ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। একে কেন্দ্রীয় ব্যাংক মূলত ‘নিয়ন্ত্রিত অন্তর্ভুক্তি’ হিসেবে অভিহিত করেছে।
পাকিস্তানের এই নীতি পরিবর্তনের পেছনে গভীর আর্থিক সংকট, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বাণিজ্য ঘাটতি প্রধান কারণ হিসেবে কাজ করেছে। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তে ক্রস-বর্ডার বা আন্তঃসীমান্ত লেনদেনে স্টেবলকয়েনকে একটি আধুনিক ও দ্রুত বিকল্প হিসেবে ব্যবহারের চেষ্টা করছে দেশটি। পাশাপাশি, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো-বান্ধব নীতির প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন ক্রিপ্টো উদ্যোগের যোগাযোগ বৃদ্ধিকেও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম অনুঘটক হিসেবে দেখা হচ্ছে। দেশটির বিপুলসংখ্যক ক্রিপ্টো ব্যবহারকারীর প্রযুক্তিজ্ঞানকে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ সহজতর করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।
