ট্রেনে জোরে গান বা রিলস দেখলে হতে পারে জরিমানা ও জেল, নির্দেশিকা পূর্ব রেলের

ট্রেনে জোরে গান বা রিলস দেখলে হতে পারে জরিমানা ও জেল, নির্দেশিকা পূর্ব রেলের

ট্রেন বা স্টেশন চত্বরে মোবাইলে উচ্চস্বরে গান শোনা, ভিডিও দেখা বা জোরে কথা বলার প্রবণতা রুখতে কড়া পদক্ষেপ করল পূর্ব রেল। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, সহযাত্রীদের অসুবিধার কারণ হলে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে রেল আইনের ১৪৫ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

দীর্ঘদিন ধরে যাত্রীদের একাংশের কাছ থেকে মোবাইলে বেপরোয়াভাবে গান বাজানো বা রিলস দেখার অভিযোগ আসছিল। সেই প্রেক্ষিতেই পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের কামরায় এই সংক্রান্ত সতর্কবার্তা সম্বলিত নোটিস বা স্টিকার লাগানো হবে। পাশাপাশি স্টেশনগুলিতে মাইকের মাধ্যমে হিন্দি, ইংরেজি ও আঞ্চলিক ভাষায় যাত্রীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

টিকিট পরীক্ষক বা সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকরা অভিযোগ পাওয়ার পর এই বিষয়ে পদক্ষেপ করতে পারবেন। ২০১২ সালের একটি নির্দেশিকার উল্লেখ করে রেল জানিয়েছে, সহযাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনের সমস্ত স্টেশনে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে মেট্রো বা বাস পরিষেবায় এখনও এমন কোনো নিয়ম চালু করার পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *