নিউ জলপাইগুড়ি স্টেশনে আটক বাংলাদেশি মহিলা, পাঠানো হলো হোল্ডিং সেন্টারে

নিউ জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি মহিলাকে আটক করল জিআরপি। ধৃত মহিলার নাম ওদেরা আক্তার, যার বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়।
তদন্তকারী আধিকারিকদের কাছে ওই মহিলার গতিবিধি ও পরিচয় সংক্রান্ত গোপন তথ্য আগে থেকেই ছিল। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ডাউন চেরালাপল্লি এক্সপ্রেস ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে জিআরপি তল্লাশি চালায়। ট্রেনের জেনারেল কামরা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, তিনি গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত দিয়ে ওই মহিলা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি গুয়াহাটি থেকে ট্রেনে ওঠেন। শুক্রবার তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এবং হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল কেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
