ডানকুনির খুনের তদন্তেই মিলল বড় ক্লু! এন্টালির ক্যাবচালক হত্যাকাণ্ডে কীভাবে ধরল পুলিশ? – এবেলা

এবেলা ডেস্কঃ
ডানকুনির অ্যাপ ক্যাব চালক রামজেশ কড়ি হত্যার সূত্র ধরেই কলকাতার এন্টালিতে ডিসি দে রোডে গাড়িচালক ভগবান প্রসাদ গুপ্তের খুনের রহস্য ভেদ করল চন্দননগর পুলিশ কমিশনারেট। গাড়ি চুরি করার একটি সুসংগঠিত চক্র পরপর এই দুই চালককে শ্বাসরোধ করে খুন করেছে বলে তদন্তে উঠে এসেছে। মধ্যমগ্রাম ও নিমতার বাসিন্দা তিন অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা।
তদন্তে জানা গিয়েছে, ধৃতরা বিমানবন্দর এলাকা থেকে যাত্রী সেজে গাড়ি ভাড়া করে চালকদের নিশানা করত এবং পরে চলন্ত গাড়িতেই পা বেঁধে তাঁদের হত্যা করত। ডানকুনিতে অপারেশন ব্যর্থ হওয়ার পর এন্টালির চালককে একইভাবে খুন করে তারা। আদালতের নির্দেশে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
