ডিআরএস নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে শুভমন গিল, নষ্ট ভারতের রিভিউ

নিউজিল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারে জসপ্রীত বুমরাহের একটি বল গ্লেন ফিলিপসের প্যাডে আঘাত করলে ভারতীয় দল এলবিডব্লিউয়ের জোরালো আবেদন জানায়। তবে মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ সেই আবেদন নাকচ করে দেন। বুমরাহ বলের উচ্চতা বেশি ছিল বলে মনে করলেও, শুভমন গিল তার পরামর্শ উপেক্ষা করে ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন।
তৃতীয় আম্পায়ার পল রাইফেল রিপ্লে এবং স্নিকোমিটার পরীক্ষা করে জানান, বল প্যাডে লাগার আগে ব্যাটে সামান্য স্পর্শ করেছে। ফলে মাঠের আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তই বহাল থাকে এবং ভারতের একটি রিভিউ নষ্ট হয়। এই সিদ্ধান্তের পর শুভমন গিল মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন, বল ব্যাটে লাগেনি এবং সরাসরি প্যাডে আঘাত করেছে। আম্পায়ার ইলিংওর্থ নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করলেও শুভমন তাতে সন্তুষ্ট হননি।
পরবর্তীতে দেখা যায়, বলের উচ্চতাও উইকেটের চেয়ে বেশি ছিল। ফলে বল ব্যাটে না লাগলেও গ্লেন ফিলিপস আউট হতেন না। বুমরাহের পরামর্শ মেনে নিলে ভারতের রিভিউটি নষ্ট হতো না বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটি নিয়ে ক্রিকেট মহলে বেশ চর্চা শুরু হয়েছে।
