ডিলিমিটেশন বিল পাসের জন্য ১৫০ কোটির প্রস্তাব, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

ডিলিমিটেশন বিল পাসের জন্য ১৫০ কোটির প্রস্তাব, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস বিল পাস করানোর জন্য সাংসদদের ১৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত। ছত্রপতি সম্ভাজীনগরে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, প্রথমে এই অঙ্ক ১০০ কোটি টাকা থাকলেও মাত্র দু’দিনের মধ্যে তা বাড়িয়ে ১৫০ কোটি টাকা করা হয়েছে। তবে নিজের এই দাবির স্বপক্ষে তিনি কোনও নির্দিষ্ট প্রমাণ বা সাংসদের নাম প্রকাশ করেননি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনঘন মুম্বই সফর নিয়েও প্রশ্ন তুলেছেন রাউত। তাঁর অভিযোগ, মুম্বইকে কেন্দ্র করেই বড় কোনো পরিকল্পনা চলছে এবং এখান থেকেই সাংসদদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর বন্দোবস্ত করা হতে পারে। রাজনৈতিক দল ভাঙানো থেকে শুরু করে সংসদে বিল পাস—সব ক্ষেত্রেই অর্থের লেনদেন চলছে বলে তোপ দেগেছেন তিনি। রাউত এই পুরো বিষয়টিকে ‘পলিটিক্যাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ বলে কটাক্ষ করেছেন।

উল্লেখ্য, ডিলিমিটেশন বিল এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। বিরোধীদের আশঙ্কা, এর ফলে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে আসন সংখ্যা ও রাজনৈতিক ভারসাম্যে বড় বদল আসতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণে অগ্রণী দক্ষিণের রাজ্যগুলির তুলনায় হিন্দিবলয়ে আসন বাড়লে কেন্দ্রে শাসক দলের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এই বিল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *