ডিসেম্বরে দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা, নতুন পাসপোর্টের জন্য ফের চিঠি

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ঢাকার কাছে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছেন তিনি। এর আগে গত ৯ নভেম্বর নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথম চিঠিটি পাঠানো হলেও ঢাকা থেকে কোনো সরকারি জবাব মেলেনি। তাই এবার জরুরি ভিত্তিতে বিষয়টি বিবেচনার আর্জি জানিয়ে প্রয়োজনীয় আইনি নথিপত্রসহ দ্বিতীয় চিঠিটি পাঠানো হয়েছে। লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েলস হাসিনার হয়ে এই আইনি প্রক্রিয়া পরিচালনা করছেন।
২০২৪ সালের আগস্ট মাসে গণবিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্ট বাতিল করে দেয়। দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট অপরিহার্য হওয়ায় তিনি এই উদ্যোগ নিয়েছেন। যদিও ঢাকার একাধিক প্রতিনিধি জানিয়েছেন, তাঁকে পাসপোর্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে চিঠির আনুষ্ঠানিক উত্তর এখনো দেওয়া হয়নি।
দেশে ফিরলে শেখ হাসিনার সামনে কঠোর আইনি পরিণতি অপেক্ষা করছে। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। বিচারক মহম্মদ আমিনুল ইসলামের মতে, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় দেশে ফিরলে তাঁকে এই সাজা কার্যকর করার মুখোমুখি হতে হবে। গ্রেফতারি ও মৃত্যুদণ্ডের ঝুঁকি জেনেও হাসিনা নিজের সিদ্ধান্তে অটল। তিনি জানিয়েছেন, গ্রেফতারি বা মৃত্যুভয়ে তিনি পিছু হটবেন না এবং মরতে হলে নিজের দেশের মাটিতেই মরবেন।
