তামিলনাড়ু বিধানসভা নির্বাচন: মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী বিজয়ের দলের প্রার্থী

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে তিরুপ্পত্তুর কেন্দ্রে এক নজিরবিহীন হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। এই কেন্দ্রে ডিএমকে নেতা তথা বিদায়ী সমবায় মন্ত্রী কে আর পেরিয়াকারুপ্পনকে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তামিলাগা ভেত্রি কাজাগম বা টিভিকে প্রার্থী শ্রীনিবাসা সেতুপতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সেতুপতি ৮৩,৩৭৫ ভোট পেয়েছেন, যেখানে পেরিয়াকারুপ্পনের প্রাপ্ত ভোট সংখ্যা ৮৩,৩৭৪। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কে সি থিরুমারণ ২৯,০৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে প্রথমবার নির্বাচনে লড়েই ১০৮টি আসন জয় করে তামিল রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন এনেছে। ২৩৪টি আসনের মধ্যে এম কে স্ট্যালিনের ডিএমকে ৫৯টি আসন নিয়ে দ্বিতীয় এবং এআইএডিএমকে ৪৭টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া কংগ্রেস ৫টি এবং পিএমকে ৪টি আসনে জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা থেকে ১০টি আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে তৎপরতা শুরু করেছে টিভিকে।
সরকার গঠনের লক্ষ্যে বিজয় ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে টিভিকে তাদের ‘প্ল্যান বি’ সক্রিয় করেছে। কংগ্রেস ও পিএমকে শর্তসাপেক্ষে সমর্থন দিতে রাজি হলেও বাম দলগুলি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখন দেখার বিষয়, বিজয় প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠন করতে পারেন কি না।
